ভালো কাজ করার চেষ্টা থাকে সবসময়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

জাকিয়া বারী মম। বর্তমানে ব্যস্ত ওয়েব সিরিজ নিয়ে। এদিকে গত শুক্রবার তার অভিনীত ‘স্বপ্নের ঘর’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি কমসংখ্যক হলে মুক্তি পেলেও দর্শকদের মুগ্ধ করছে। সম্প্রতি তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—

কেমন আছেন?

ভালো।

 

২০১৮ সাল প্রায় শেষ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। চলচ্চিত্রের ক্ষেত্রে কেমন কাটলো বছরটি?

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল আমার অভিনীত ‘আলতাবানু’ ছবিটি। এরপর গত নভেম্বরে মুক্তি পেয়েছে ‘দহন’ ছবিটি। দুটি দুই রকম গল্পের ছবি। আর বছরের শেষ ছবি হিসেবে মুক্তি পেয়েছে ‘স্বপ্নের ঘর’। চলচ্চিত্রটির গল্পও একেবারে আলাদা, থ্রিলারধর্মী একটি ছবি। আমরা যারা ছবিটিতে অভিনয় করেছি, তারা প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে খুব মনোযোগ দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। যে কারণে ছবিটি নিয়ে ইতিবাচক মন্তব্য পাচ্ছি। কমসংখ্যক হল পেয়েছে, এটা ঠিক। কিন্তু যারা এটি দেখেছেন তারা মুগ্ধ হয়েছেন। তিনটি কাজই ভালো হয়েছে।

 

নতুন ওয়েব সিরিজে অভিনয় করছেন...

হ্যাঁ। ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের ৭ পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনিমেষ আইচ। আজ থেকে সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবো।

 

গল্পটি কেমন?

গল্পটি বলা যাবে না! এতটুকু বলতে পারি, এটা থ্রিলার গল্প। অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। গল্পটি বেশ ভালো লেগেছে আমার, যে কারণেই কাজটি করছি।

 

নতুন বছরে কেমন কাজ করতে চান?

দর্শকদের জন্য ভালো কাজ করার চেষ্টা থাকে সবসময়। আমার মনে হয় খুব বেশি আজেবাজে কাজ করার চেয়ে চার-পাঁচটা ভালো কাজ করা ভালো। ভালো চিত্রনাট্য, ভালো পরিচালক, ভালোভাবে তা পরিবেশনা—সবকিছু মিললেই কাজ ভালো হয় এবং দর্শকরাও সেই কাজটি দেখতে বেশ পছন্দ করেন।