কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামের খবিজলের ছেলে নাজমুল ইসলাম প্রায়ই ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করত। এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার একাধিকবার নাজমুলের পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার বিকালে খালার বাড়িতে মেয়েটি টিভি দেখার সময় নামজুল সেখানে ঢুকে ধর্ষণ করে। মেয়েটি জ্ঞান হারালে ঐ বখাটে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিত্সা দেওয়ার চেষ্টা করলে ধর্ষক নাজমুল, তার বাবা ও চাচারা বাধা দেয়। মামলা করতে থানায় গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শুক্রবার গভীর রাতে ঐ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে গ্রামের লোকজন জড়ো হয়ে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর খালা বাদী হয়ে নাজমুলসহ আরো এক জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিম উন্নত চিকিত্সার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছে।
