মতলবে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৩

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জিল প্রধানীয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মতলব পৌর শহরের ভাঙ্গারপাড় মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জিল প্রধানীয়া পৌরসভার ভাঙ্গারপাড় গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জিল ঐ সময় বাড়ীর পাশের চায়ের দোকানের দিকে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। ওখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মোঃ তাফাজ্জল হোসেন বলেন, আমার ভাই তখন বাড়ী থেকে চায়ের দোকানে যাচ্ছিলেন। মোটরসাইকেল আরোহী ব্র্যাকের একজন অডিট অফিসার। তিনি মতলব উত্তর উপজেলার গজরা ব্র্যাক শাখায় তখন যাচ্ছিলেন। আমার ভাইয়ের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কৃষি কাজ করে জীবন যাপন করতেন।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে রয়েছে।

ইত্তেফাক/আরকেজি