নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান রেহানকে গ্রেফতার করা হয়। এর আগে গত দুইদিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আহম্মেদসহ আরো ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জনকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান রেহানকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত দুইদিন কেন্দুয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আহম্মেদ, সাদ্দাম, কারিমুল, রতন খন্দকার, লুৎফুর রহমান ভূঁইয়া, রেজাউল করিম, সোহেল মিয়া, নূরে আলম, মঞ্জিল মিয়া ও ফরিদ মিয়া নামে ১০ জনকে গ্রেফতার করে।
আরো পড়ুন: ফুলবাড়ীয়ায় উপজেলা চেয়ারম্যানসহ ১৭৬ জনের নামে মামলা
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে এক ও একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান রেহান, ফরিদ আহম্মেদ, সাদ্দাম, কারিমুল, রতন খন্দকার, লুৎফুর রহমান ভূঁইয়া ও রেজাউল করিমকে রবিবার এবং সোহেল মিয়া, নূরে আলম, মঞ্জিল মিয়া ও ফরিদ মিয়াকে আগের দিন শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
