‘সত্য ঘটনা নিয়ে দেশে প্রথম পাপেট শো করছি আমরা’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫

অভিনেত্রী নওশাবা আহমেদ। ছোটপর্দা ও বড়পর্দা দুই অঙ্গনেই জনপ্রিয় মুখ তিনি। এছাড়াও ছোটবেলা থেকে পাপেট শো নিয়ে কাজ করছেন তিনি। সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখনো। পাপেট শোয়ের জন্য ‘টুগেদার উই ক্যান’ নিয়ে একটি সংগঠনও গড়েছেন তিনি। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

 বেশ আছি। ভালো থাকার সন্ধানেই থাকি আমি।

 

শুরুতে এখনকার কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই—

টিভি নাটক ও পাপেট শো নিয়েই ব্যস্ততা চলছে এখন। সম্প্রতি দুরন্ত টিভিতে ‘গল্প শেষে ঘুমের দেশে’ শিরোনামে একটি ফিকশন প্রচার হচ্ছে। এখানে আমি বাচ্চাদের গল্প শোনাই। ছোটবেলায় নানি-দাদির গল্প শুনে আমরা অনেকে ঘুমাতাম। যদিও আমরা যারা শহরে বড় হয়েছি তাদের এই সৌভাগ্যটা কম হয়েছে। এমনই একটি থিম নিয়ে কাজটি করা। এই কাজটির ভালোলাগার বিষয়, বাস্তবের আমিকে এখানে উপস্থাপন করেছি। আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। তাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াই। ঠিক এই কাজটি আমি এখানে করেছি। কাজটি নিয়ে যখন আমার কাছে আসা হয়, আমি প্রথমবার শুনেই কাজটি করতে রাজি হই।

 

‘টুগেদার উই ক্যান’ নামে একটি সংগঠন নিয়ে কাজ করছেন। আপনাদের এখনকার কার্যক্রমগুলো কী কী?

আমরা কয়েকজন মিলে এটি গড়ে তুলি। আমাদের উদ্দেশ্য যারা শারীরিকভাবে সক্ষম নয় তাদের নিয়ে পাপেট শো করা। এরইমধ্যে আমরা কয়েকটি শো করেছি। বেশ সাড়া পেয়েছি সবার কাছ থেকে। মার্চের ২১-২২ তারিখে আমাদের পরবর্তী শো হবে শিল্পকলায়। ‘মুক্তির আলোয় আলোয়’ শিরোনামে এই পাপেট শোটি সত্য ঘটনা অবলম্বনে করা। সত্য ঘটনা নিয়ে দেশে প্রথম পাপেট শো করছি আমরা। এটির প্রস্তুতি চলছে এখন। ছোটবেলা থেকে আমার প্রথম ভালোবাসা পাপেট। গলার সমস্যার কারণে এখন শোতে কণ্ঠ দেওয়া হয় না। তবে এই কাজটি যেহেতু আমার করতে হবে তাই এটিকে প্রাধান্য দিয়ে কাজ করছি এখনো।

 

এ বছর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে আপনার। কবে নাগাদ সেগুলো মুক্তি পাবে?

‘পদ্মপূরণ’ সিনেমাটি এই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। সেটি হয়তো মুক্তি পাবে না। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটি এখনো জানি না। এছাড়া ‘আলগা নোঙর’ শিরোনামে একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু মুক্তির বিস্তারিত বিষয় পরিচালক ভালো বলতে পারবেন।

 

নতুন সিনেমার খবর কবে পাচ্ছে আপনার দর্শকরা?

নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। কিন্তু চূড়ান্ত বলে দেওয়ার মতো অবস্থায় আসেনি। আমি মূলত সিনেমাটা করতে চাই। সেটির জন্যই আমার সবসময়ের প্রস্তুতি এবং আমি তৈরি থাকি আমার কাছে একটি সিনেমা এলে সেটি করবো। কিন্তু সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। আর আমাকে সিনেমায় নিতে অনেকেই শঙ্কাবোধ করেন হয়তো।