সাশ্রয়ী উড়োজাহাজ যুক্ত হলো ইউ-এস বাংলার বহরে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি বিমান কোম্পানি ইউ-এস বাংলা এয়ারলাইনসের বহরে ৫ম প্রজন্মের এটিআর ৭২-৬০০ মডেলের ব্র্যান্ড নিউ উড়োজাহাজ যুক্ত হয়েছে। চলতি বছরের মধ্যে এমন মোট ১০টি ব্র্যান্ড নিউ (নতুন) উড়োজাহাজ ইউ-এস বাংলার বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিকদার মেসবাহ উদ্দিন আহমেদ। এখন ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজসহ ১৩টি উড়োজাহাজ রয়েছে বলেও তিনি জানান। গতকাল রবিবার দুপুরে সিলেটের পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি সর্বাধুনিক প্রযুক্তির। এটি জ্বালানিসাশ্রয়ী, অন্য উড়োজাহাজের তুলনায় জ্বালানি ২০ শতাংশ কম লাগে। কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এটি চলতে পারে। এই মডেলের উড়োজাহাজ তারা ১০ বছরের বেশি চালাবেন না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকাকে কেন্দ্র করে ফ্লাইটগুলো চালানো হয়। তবে ইউ-এস বাংলা এয়ারলাইনস সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার এবং যশোর থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার পথে চলানোর পরিকল্পনা করেছে। যা এ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। বর্তমানে দিনে ২৬টি ফ্লাইট পরিচালনা করছে ইউ-এস বাংলা। বছর শেষে এ সংখ্যা ৩৫-এ দাঁড়াবে বলে আশা করছেন তারা।

এদিকে সিইও মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা চীনে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য আমাদের ফ্লাইট অব্যাহত রাখব। চীন থেকে যারা আমাদের ফ্লাইটে দেশে ফিরছেন তাদের ৯০ শতাংশই বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনার জন্যই আমরা ফ্লাইট পরিচালনা করছি। বাংলাদেশিদের স্বার্থে আমাদের ফ্লাইট চলবেই।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চিফ অব ট্রেনিং সিনিয়র ক্যাপ্টেন মশিউল আজম, চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শামস, ফ্লাইট অপারেশন পরিচালক মনিরুল হক জোয়ারদার, পরিচালক মুসা মোল্লা, ইঞ্জিনিয়ার আরমান ও এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন্স) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।