পঞ্চগড় প্রতিনিধি
২০ দলীয় জোটের শরিক নিবন্ধিত জাতীয় গণতান্ত্রিক পার্টিকে জাগপা কোনো আসনে মনোনয়ন না দেওয়ায় দলীয় প্রতীক হুক্কা নিয়েই নির্বাচনে লড়ছেন দুই ভাই-বোন। এরা দু’জনেই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের সন্তান।
পঞ্চগড়-১ আসনে পুত্র জাগপার সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান ও পঞ্চগড়-২ আসনে কন্যা জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী বিরোধী ভোটের একটি অংশ বরাবরই শফিউল আলম প্রধানের পক্ষে ছিলো। সেই অংশকেই পুঁজি করে তারা এ নির্বাচনে লড়ছেন।
নির্বাচনের হিসেব-নিকেশে জাগপার প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিএনপি শিবিরে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন ভোটাররা। যা বিএনপি’র প্রার্থীর জন্য জয়লাভে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ভিন্নধর্মী প্রচার-প্রচারণায় এবং ব্যতিক্রমী প্রতীক হওয়ায় দুটি আসনের সর্বত্রই নাম-ডাক ছড়িয়ে পড়েছে হুক্কার।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতা হিসেবে শফিউল আলম প্রধান দিনাজপুর-৩ আসনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
শফিউল আলম প্রধানের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক হিসেবে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুইকে পঞ্চগড়-২ আসনে মনোনয়ন দেওয়ার কথা শোনা গেলেও এ দলের একজনকেও কোনো আসনেই মনোনয়ন দেওয়া হয়নি।
