ইউনিয়ন কেন্দ্রের ই-তথ্য সেবা বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির একটি মোটাদাগের নমুনা। কিন্তু সেটি যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে, তা কতটুকু বাস্তবায়িত হচ্ছে? বর্তমানে আমাদের দেশের ইউনিয়ন কেন্দ্রের ই-তথ্য সেবার ভোগান্তি এক মহামারী আকার ধারণ করেছে। ই-তথ্য সেবার জন্য ইউনিয়ন কেন্দ্রগুলোতে সব ধরনের ই-প্রযুক্তির ব্যবস্থা থাকলেও সেটার যথাযথ সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। তার প্রধান কারণ হলো, যাঁরা দায়িত্বে আছেন তাঁদের অদক্ষতা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তাঁদের অপারগতার কারণে কম দক্ষ বা আত্মীয়স্বজনের মধ্য থেকে আলাদা ব্যক্তি নিয়োগ দেওয়া হচ্ছে, যা সরকারি নিয়োগ নীতিমালা বহির্ভূত এবং তাঁদের বেতনভাতার জন্য সাধারণ মানুষের কাছ থেকে সেবার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে। অথচ ই-তথ্য সেবা সরকারি অর্থায়নে পরিচালিত হয়। আবার যে কোনো ধরনের তথ্য নিয়মের বাইরে গিয়ে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। আবার রাজনৈতিক নেতাদের কোন্দলের কারণে ইউনিয়ন কেন্দ্রের তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। উলিখিত সমস্যা সমাধানের জন্য কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ মানুষেরা যেন যথাযথ তথ্যসেবা যথাসময়ে পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা অবশ্যই কর্তৃপক্ষের দায়িত্ব।
আল আমিন
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
