স্পোর্টস ডেস্ক
সাবেক সতীর্থ রিকি পন্টিং আর অ্যাডাম গিলক্রিস্ট এদিন দাঁড়িয়েছিলেন একে অপরের প্রতিপক্ষ হয়ে। দুই দলে ছিলেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশের মতো কিংবদন্তিরা। উদ্দেশ্যটা ছিল মহত্। অস্ট্রেলিয়ান দাবানলের ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহই ছিল লক্ষ্য। ৭৭ লাখ ডলার তুলে সে লক্ষ্যে সফল বুশফায়ার ক্রিকেট ব্যাশ। রোমাঞ্চকর ও বিনোদনমূলক ম্যাচে রিকি পন্টিংয়ের দল ১ রানে হারায় গিলক্রিস্ট একাদশকে।
টসে হেরে ব্যাটিংয়ে আসা পন্টিং একাদশ শুরুতেই হারায় জাস্টিন ল্যাঙ্গারের উইকেট। কোর্টনি ওয়ালশের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ল্যাঙ্গারের ওপেনিং-সঙ্গী ম্যাথু হেইডেন ১৪ বলে ১৬ রান করে যুবরাজ সিংয়ের শিকার হন। এরপর অধিনায়ক পন্টিংয়ের ১৪ বলে ২৬ রান কক্ষপথে ফেরায় দলকে। পন্টিংয়ের ফেরার পর লারার দ্রুতগতির ৩০-এ ভর করে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৪। জবাবে গিলক্রিস্ট ও শেন ওয়াটসন ৩ ওভারে ৪৯ রান তুললেও পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্য থেকে দুই রান দূরে থামে গিলক্রিস্টের দলের ইনিংস। দুটো উইকেট নেন ব্রেট লি। তবে জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচের বড়ো লক্ষ্যটাই ছিল অর্থ সংগ্রহ। সেখানেও আয়োজকরা মুখ দেখেছে সফলতার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটারদের ব্যবহূত ব্যাট, জার্সি ও হেলমেট নিলামে তুলে ৭৭ লাখ আমেরিকান ডলার উঠেছে অস্ট্রেলিয়ার দাবানল ত্রাণ তহবিলে।
