আর্জেন্টিনার পর এবার ব্রাজিলে চোখ বসুন্ধরার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

বারকোসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে

স্পোর্টস রিপোর্টার

বসুন্ধরা আবাসিক এলাকায় সবুজ মাঠে গড়ে উঠেছে বসুন্ধরা কিংসের ফুটবল মাঠ। একেবারে খোলামেলা পরিবেশ। কোলাহল মুক্ত। শহরের যানজট, শব্দদূষণ, ধুলাবালির বাতাশে জীবন যেখানে অতিষ্ঠ, সেখান থেকে বেরিয়ে ফুটবলময় এক পরিবেশ গড়ে তোলা হয়েছে খেলোয়াড়দের অনুশীলনের জন্য। এই মাঠে কয়েক দিন ধরেই অনুশীলনে যাওয়া-আসা করছেন আর্জেন্টাইন তারকা হার্নান বারকোস। তার ধারণা ছিল না এত সুন্দর পরিবেশ ফুটবলের জন্য। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সঙ্গে ফোনে যতটুকু কথা হয়েছিল তাতে বারকোস বেশ খুশিই ছিলেন। ঢাকায় এসে ভালো পরিবেশ পেয়ে বারকোসও যেন উদ্দীপনা পাচ্ছেন। এমন সুন্দর সবুজ অনুশীলন মাঠেই বারকোসের সঙ্গে ১০ মাসের চুক্তি করল বসুন্ধরা কিংস। আলোচনা আগেই চূড়ান্ত ছিল। ১০ মাস চুক্তি হবে সেটিও চূড়ান্ত ছিল। সব কথা মেনে নিয়েই মেসির সতীর্থ বারকোস ঢাকায় এসেছিলেন বুধবার। একদিন বিশ্রাম নিয়েই অনুশীলনেও নেমে ছিলেন। স্কিল দেখে মুগ্ধ হয়েছেন দলের অন্য খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। হওয়ারই কথা। আর্জেন্টিনার মতো শক্তিশালী ফুটবল দেশের জার্সি গায়ে যিনি খেলবেন তিনি যে বিশ্বমানের হবে তা বলার অপেক্ষা রাখে না। খেলেছেন আর্জেন্টিনা ব্রাজিলসহ ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের জার্সি গায়ে। বাংলাদেশের মতো অনুন্নত ফুটবল দেশে এসেও বারকোস খুশি। খুশি হওয়ার কারণও আছে, তিনি এসেছেন একটি বিশেষ অনুরোধে। বারকোসের পরিবারের সঙ্গে বসুন্ধরার একজনের খুব ভালো সম্পর্ক সেই সূত্র ধরেই বারকোস অনুরোধ রক্ষা করতে এসেছেন। বুসন্ধরাও খুশি। এত ভালো একজন ফুটবলারকে দেশের দর্শকের সামনে তুলে ধরছেন তারা। গাঁটের টাকা খরচা করে খেলোয়াড় উপহার দেওয়ার আগ্রহ আছে। যেটা অন্যান্য ক্লাব পারছে না। এক বছরের নিচে চুক্তি করেন না। তারপরও পরিবার হতে অনুরোধ রক্ষা করতে গিয়ে বারকোস ১০ মাসের জন্য চুক্তি করেছেন বুসন্ধরার সঙ্গে। পারিশ্রমিকেও বড়ো ছাড় দিয়েছেন তিনি। যুতদূর জানা গেছে মাসে ৪৫ হাজার ডলার বেতন দিতে হবে। সঙ্গে দামি গাড়ি, ফ্ল্যাট, পরিবার নিয়ে ঢাকায় থাকলে সেখানেও বাড়তি সুযোগ-সুবিধা দিতে হবে। বসুন্ধরাও রাজি, ভালো মানের খেলোয়াড়দের জন্য বসুন্ধরা তাদের অর্থ ভান্ডার ঢেলে দিতেও কার্পণ্য করেন না। বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন ব্রাজিলীয় তারকাও আসবেন সামনে।

গতকাল বিকালে বারকোসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে নিল। সবকিছু আগেই করে রেখেছিল কাল শুধু সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা। স্প্যানিশ ভাষায় কথা বলেন বারকোস। তাকে প্রশ্ন করা হলে স্প্যানিশ এবং ইংলিশ দুটোই মিলিয়ে কথা বললেন। যেমন বারকোস ‘চ্যাম্পিয়ন’ শব্দটা বলতে পারেন না। তিনি বলেন ‘ক্যাম্পিয়নে’। এভাবে অনেক শব্দ বলতেও পারনে না, বুঝতেও পারেন না। বুঝিয়ে দেওয়ার জন্য একজনকে বুসন্ধরার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাখা হয়েছিল।

মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশ্নে বারকোস থাকলেন মেসির পক্ষে। নিজের দেশের ফুটবলার কিংবা মেসির সঙ্গে খেলেছেন বলে নয়। তার চোখে রোনালদের মেসিই সেরা। মাঠেই মঞ্চ বসানো হয়, সেখান থেকে নেমে পায়ের কারুকাজ দেখান বারকোস। অনেকে তার সঙ্গে সেলফি তুলে রেখেছেন। এখন মাঠে আসল লড়াই দেখানোর পালা। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দেখা যাবে না তাকে। এএফসি কাপে খেলবেন। লিগের ফিরতি পর্বে খেলবেন তিনি।