রোনালদোর কীর্তির পরও জুভেন্তাসের হার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

স্পোর্টস ডেস্ক

মাত্রই ৩৫ বছরে পা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বয়সে আর সব ফুটবলাররা যেখানে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন সেখানে পর্তুগীজ তারকা রীতিমতো ভেঙেই চলেছেন সব রেকর্ড। শনিবার রাতে হেলাস ভেরোনার বিপক্ষে গোল করে টানা ১০টি সিরি’আ ম্যাচে লক্ষ্যভেদের কীর্তি গড়েছেন রোনালদো।

তবে দলের সবচেয়ে বড়ো তারকার কীর্তির দিনে ফলটা মোটেও আশানুরূপ হয়নি জুভেন্তাসের। প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে কোচ মাউরিজিও সারির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী। টানা দশম ম্যাচে গোল করে ডেভিড ত্রেজেগের টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড ভাঙেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি ২০তম গোল রোনালদোর। এ নিয়ে টানা ১১ মৌসুমে ২০ কিংবা তার চেয়ে বেশি গোলের দেখা পেলেন পর্তুগীজ ফরোয়ার্ড।

তবে এ কীর্তির চেয়ে বেশি অর্জন এ ম্যাচে করতে পারেনি জুভেন্তাস। ৭৬ আর ৮৬ মিনিটে ফ্যাবিও বোরিনি আর গিয়াম্পাওলো পাজ্জিনির গোল হারের বিস্বাদ দেয় শিরোপাধারীদের। এই হারের ফলে ইন্টার মিলান থেকে ৩

পয়েন্টে এগিয়ে চূড়ায় থাকলেও শীর্ষস্থান হারানোর শঙ্কা সৃষ্টি হয়েছে জুভেন্তাসের। গত রাতে মিলান ডার্বিতে জিতে গেলেই শীর্ষস্থান ফিরে পাবে ইন্টার।

তবে রোনালদোর ব্যক্তিগত অর্জনের চেয়ে হারটাই বেশি পোড়াচ্ছে কোচ সারিকে। তিনি বলেন, ‘দলটা শেষ কয়েক বছরে সহজ জয়ে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে, পয়েন্ট হারানোটা মোটেও উচিত নয় আমাদের। জয়টাকে মোটেও হালকাভাবে নেওয়া চলবে না আমাদের। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রয়োজনের মুহূর্তে নোংরা কাজও করতে হবে, নিশ্চিন্ত হওয়া চলবে না।’

ইতালিয়ান এই কোচ আরো যোগ করেন, ‘আশা করছি আমরা শিক্ষাটা নেব। কারণ আমরা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা করি। এটা কঠিন কেন না দলটা ভালোভাবেই অনুশীলন করে কিন্তু ম্যাচে সামর্থ্যের পুরোটা দিতে পারে না। এর সমাধান খুঁজে বের করতে হবে আমাদের।’ প্রাপ্য কৃতিত্বটা প্রতিপক্ষ ভেরোনাকেও দিচ্ছেন সারি, ‘প্রথম ৩০ মিনিটের জন্যে ভেরোনা কৃতিত্ব প্রাপ্য। কিন্তু শেষ এক ঘণ্টার দোষটা আমাদের। ম্যাচে তারা মরিয়া ছিল, যেটা আমরা ছিলাম না; ব্যাপারটা সহজ।’