দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ‘ম্যাচ ইন আফ্রিকা’ মাঠে বসে উপভোগ করেছেন রেকর্ডসংখ্যক দর্শক। কেপ টাউনে গত শুক্রবারের চ্যারিটি ম্যাচে দর্শক ছিল ৫১ হাজার ৯৫৪ জন। রজার ফেদেরার ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজিত ম্যাচটি ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জেতেন ফেদেরার। কেপ টাউনের ম্যাচে আয়োজকদের উদ্দেশ্য ছিল দুটি; টিকিট বিক্রি ও স্পন্সর থেকে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার আয় করা এবং ৫০ হাজার দর্শক উপস্থিতির রেকর্ড গড়া। দুটি লক্ষ্যই পূরণ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ম্যাচ থেকে নগদ আয় হয়েছে ৩৫ লাখ ডলার। এই অর্থ ব্যয় হবে ফেদেরারের মায়ের দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছয়টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায়।
