পীরগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জ উপজেলার নাকাটিহাটের ব্যবসায়ী তাইজুল ইসলাম ওরফে ছুটুবাউ হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শোকসভা করে স্থানীয়রা। নাকাটিহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নাকাটিহাটের সব দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সামনে এসে মানববন্ধন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা এসএম নাসিম উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে উপজেলার নাকাটিহাটের মুদি দোকান ব্যবসায়ী তাইজুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বারমনি ব্রিজের কাছে দুর্বৃত্তের হামলায় মারা যান। 

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আনিসুর রহমান ও সোলেমান আলী নামে দুইজনকে আটক করা হয়েছে।