সিংগাইরে এপ্রোচ রোড নির্মাণ না করেই ব্রিজ নির্মাণ

ভূমি অধিগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বর এলাকায় এপ্রোচ রোডের জন্য ভূমি অধিগ্রহণ না করেই ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পারাগ্রাম-শোল্লা ইউপি মানিকনগর জিসি রাস্তায় কালিগঙ্গা নদীর ওপর ৩৬০ মিটার দীর্ঘ পিসি গার্ডার আরসিসি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ২০১৯ সালের জুন মাসে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দেখা দিলে মানিকগঞ্জ অংশের ব্রিজের এপ্রোচ রোডের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ব্রিজটি চলাচলের উপযোগী হয়নি। ভূমি অধিগ্রহণের কাজ শেষ না করেই পরবর্তীতে এলজিইডি একটি প্রতিষ্ঠানকে ব্রিজের এপ্রোচ রোডের অসমাপ্ত কাজটি শেষ করার দায়িত্ব দেয়।

একাজে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক শাহনাজ পারভীন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বর এলাকার শৈল্লা মৌজার যে অংশে এপ্রোচ রোডের অসমাপ্ত কাজ শুরু করেছে তার সম্পূর্ণ জমিই ব্যক্তিমালিকানাধীন। এলজিইডি ভূমি অধিগ্রহণ না করেই কাজ শুরু করে।

ব্রিজ ও এপ্রোচ রোড নির্মাণের জন্য প্রায় দুই একর ভূমি অধিগ্রহণের জন্য এলজিইডি অনুমোদন দেয়। এদিকে ব্রিজ ও এপ্রোচ রোডের ভূমি অধিগ্রহণের জন্য সাবেক প্রকল্প পরিচালক আব্দুস সালাম মণ্ডল অর্থ বরাদ্দ আছে মর্মে মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে অধিগ্রহণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী জেলা প্রশাসককে ব্রিজ এপ্রোচ রোডের জন্য শোল্লা মৌজার ভূমি অধিগ্রহণের অনুরোধ করেন। পরবর্তীতে এ নিয়ে নানা রশি টানাটানি শুরু হয়। একপর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জানা যায়, এলজিইডি এক পত্রের মাধ্যমে নির্ধারিত এলাকায় ব্রিজের এপ্রোচ রোড নির্মাণে জমি অধিগ্রহণ না করার কথা জানিয়েছে। এ কাজে অনৈতিক লেনদেনের জন্য ক্ষতিগ্রস্তকে প্রস্তাব দেওয়ারও অভিযোগ ওঠেছে।

এ নিয়ে চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সঙ্গে নিয়ে আমি স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে বিষয়টি অবহিত করেছি। আমিও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে কাজ করব।

মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব বলেন, ব্রিজ ও এপ্রোচ নির্মাণে কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। এর পরও যদি কোনো ভূমির মালিক উপযুক্ত প্রমাণ আমাদের দেখাতে পারেন তবে আমরা অবশ্যই ক্ষতিপূরণ দেব।