কদমতলীতে স্টিল মিলে সাত শ্রমিক দগ্ধ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৩

রাজধানীর কদমতলী এলাকার কামাল স্টিল মিলসের একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকি লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন—রাসেল, রেদওয়ান, সিফাত, সোহাগ, বাবর, দুলাল ও সুজন। গতকাল রবিবার ভোর ৪টার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কারখানার সুপারভাইজার সনজিত্ মন্ডল জানান, শনিবার রাত্রিকালীন ডিউটিতে তারা কারখানায় কাজ করছিলেন। তাদের মধ্যে সাত জন কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাত্ আগুনের ফুলকি এসে তাদের শরীরে লাগলে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে সাত জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দগ্ধ সাত জনকে চিকিত্সার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আসে। এর মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন জনকে ভর্তি করা হয়েছে। বাকি চার জন সামান্য দগ্ধ হওয়ায় তাদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।