দিল্লির বিধানসভা ভোটের ফল ঘোষণা কাল মঙ্গলবার। ভোট গ্রহণের ২৪ ঘণ্টা শেষ হলেও ভোটের হার না জানানোয় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দল নির্বাচনে কারচুপির অভিযোগও এনেছে। তবে গতকালই কমিশন জানায়, ৬২ দশমিক ৫ ভাগ ভোট পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির
ভোটের হার জানাতে দেরি হওয়ায় নির্বাচন কমিশনকে একহাত নেন কেজরিওয়াল। তিনি টুইট করেন : ‘পুরোপুরি ধাক্কা। নির্বাচন কমিশন করছেটা কী? ভোটের এত ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন এখনো তারা ভোটের হার জানাচ্ছে না।’ তার দল আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহ এর মধ্যে চক্রান্তের গন্ধ পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইভিএম বা ভোটযন্ত্রে কারচুপির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে ভিডিও প্রকাশ করে শনিবারই এমন দাবি করেছিলেন আপের শীর্ষ নেতা তথা রাজ্যসভার এমপি সঞ্জয় সিং। টুইটে দুটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, অবৈধভাবে ভোটযন্ত্র নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে তিনি লেখেন, ইভিএমের সঙ্গে কি বাহিনী যায় না? বদরপুর বিধানসভা কেন্দ্রের সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে ইভিএমের সঙ্গে ধরা পড়েছেন তারা। এছাড়া ভোটের হার জানাতে দেরি করায় ভেতরে কিছু ঘটছে বলেও অভিযোগ আপ-এর।
