রাজধানীর নয়াবাজারে কাস্টমস বন্ড এর অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের অবৈধ বন্ডেড কাগজ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা দুপুর ২টা থেকে রাজধানীর নয়াবাজার জিন্দাবাহার লেন এলাকার চাঁন মিয়া পেপার মার্কেট ও নিকটস্হ গুদামসমূহে ঝটিকা অভিযান পরিচালনা করে। মোট ৩টি গুদাম থেকে অবৈধ বন্ডেড প্রায় ১০০ টন বিভিন্ন ধরনের কাগজ উদ্ধার করা হয়। এসব কাগজ বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে চোরাইপথে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। কাস্টমস বন্ড কমিশনারেট সূত্রে জানাযায়, আটক পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা।
অভিযানের শুরুতেই অবৈধ বন্ডেড পণ্যের ব্যবসায়ীরা একজোট হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দোকান বন্ধ করে দেওয়া, মার্কেটের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াসহ বিভিন্ন অপতত্পরতা করে তারা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তল্লাশি চালানো হয়। বিশেষ অভিযান পরিচালনা করছেন উপ কমিশনার রেজভী আহমেদ। সহকারী কমিশনার মো. আল আমিন, শরীফ মোহাম্মদ ফয়সাল, মো. আকতার হোসেন যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন। প্রায় শতাধিক কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ভ্যাট অফিসের পাশাপাশি সিআইডি, ডিএমপি সদর দপ্তর ও স্থানীয় থানা পুলিশ অভিযানে সহায়তা করে। আটক পণ্যের বিপরীতে মূল হোতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন্ড কমিশনারেট সূত্র জানায়।
