ডিআইজি মিজান ও দুদকের বরখাস্তকৃত বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭

ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও দুদকের বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ গঠনের ওপর ৪ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম ইমরুল কায়েশ গতকাল রবিবার এই আদেশ দেন। পাশাপাশি মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অভিযোগপত্র আমলে নেওয়ার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মিজান ও এনামুলকে। গত ১৯ জানুয়ারি দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা। ‘অবৈধভাবে সুযোগ প্রদানের হীনউদ্দেশ্যে’ এনামুল ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোপত্রে উল্লেখ করা হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় এনামুলকে অবৈধভাবে প্রভাবিত করে ঐ পরিমাণ টাকা ঘুষ দেন মিজান।