চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৭ চান্দিনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট ২০ দলীয় জোট প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ওই জরিমানা আদায় করেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ তার নিজ দল এলডিপি প্রধান কর্নেল অলি আহমেদের ছবি ব্যবহার না করে বিএনপি চেয়ারপার্সনের ছবি ব্যবহার করে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন। সেগুলো অপসারণ করার জন্য তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেগুলো অপসারণ না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ দলীয় জোট প্রার্থী ড. রেদোয়ান আহমেদ জানান, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আমাদের নেতা-কর্মীরা ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। সে সময় আমাদেরকে লিখিত বা মৌখিকভাবে এসব কোনো নিষেধাজ্ঞা দেয়নি।
গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন জোটের প্রধানের নয়, দলীয় প্রধানের ছবির বিষয়টি নিশ্চিত করেন। ততোদিনে পুরো উপজেলাজুড়ে আমার ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন সকল পোস্টার ও ব্যানার সরানোর জন্য। কিন্তু এতো অল্প সময়ে পুরো উপজেলার ব্যানার ও পোস্টার সরানো সম্ভব হয়নি। শনিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই অজুহাতে আমাকে ওই জরিমানা করে। যা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
