বিনোদন রিপোর্ট
একই সাথে চলচ্চিত্র ও নাটকে সমানতালে কাজ করছেন অভিনেতা ফিরোজ শাহী। নিজের ক্যারিয়ারে প্রায় ৫ শতাধিক নাটকে অভিনয় করেছেন। তবে নিজের পরিচালনা ও প্রযোজনা মিলিয়ে নাটকের সংখ্যা একশত পূর্ণ হতে যাচ্ছে তার। সম্প্রতি এটিএন বাংলায় ‘বন্ধু চিরকাল’ ধারাবাহিক নাটকটি পরিচালনায় রয়েছেন ফিরোজ শাহী। বলয় মিডিয়ার প্রযোজনায় এই ধারাবাহিক নাটকে এদেশের শীর্ষশিল্পীরা অভিনয় করেছেন।
‘বন্ধু চিরকাল’ নাটকটি প্রসঙ্গে ফিরোজ শাহী বলেন, ‘আমার দীর্ঘদিনের বন্ধু অভিনেতা প্রযোজক এহসানুল হক সেলিমের সাথে একদিন আড্ডা দিতে দিতেই এই নাটকটির পরিকল্পনা। নাটকের গল্পটা সমসাময়িক বিভিন্ন অনুসঙ্গকে কেন্দ্র করে। ফ্যামিলি সেন্টিমেন্ট থাকার কারণে ঘরের গৃহিনী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা এই ধারাবাহিকটি পছন্দ করছে।’ এদিকে ফিরোজের পরিচালনায় ‘এই গল্পে ভালোবাসা নাই’ চলচ্চিত্রের পর নতুন ছবির কাজে হাত দিয়েছেন তিনি। তার নতুন চলচ্চিত্রে দুই বাংলার অভিনয়শিল্পীরা কাজ করবেন। এখনও নাম চুড়ান্ত করেননি। তবে চলচ্চিত্রের গানের কাজ শুরু হয়েছে। নিজের নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠান নির্মান ও পরিচালনা করেছেন ফিরোজ শাহী। দেশের একটি শীর্ষস্থানীয় বীমা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা হলেও ফিরোজের নেশা ও পেশা অভিনয়কে ঘিরেই। তাই নিজের শততম নাটকটি নিয়ে বড় একটি আনুষ্ঠানিকতা করতে চান তিনি।
ফিরোজের কথায়, ‘সেই ইমদাদুল হক মিলন ভাইয়ের রুপনগর থেকে শুরু করে প্রায় ৩ প্রজন্মের কাছে আমার অভিনয় স্বত্ত্বা দায়বদ্ধ। তারই প্রেক্ষিতে আমার পরিচালনায় শততম নাটকে বেশ কিছু চমক থাকবে । তারকা সমৃদ্ধ এই নাটকের স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। আশা করছি দর্শকেরাও দারুণভাবে উপভোগ করবেন।
