আকবর আলী
স্পোর্টস রিপোর্টার
দেশ ছেড়ে অভিযানে রওনা দেওয়ার আগে তিনি অন্তত বারবার বলেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখেন।
তখন কত মানুষ তার কথায় ভরসা রাখতে পেরেছিল, বলা কঠিন। কিন্তু শেষ বেলায় সেই আকবর আলীই হয়ে গেলেন সত্যি। তার দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করল, তিনি মিথ্যে কথা বলেননি। মাঠে নিজেই চওড়া ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করে শিরোপা এনে দিলেন দলকে। এরপর বললেন, তিনি আশা করেন, এটা বাংলাদেশের ক্রিকেটের সাফল্য পাওয়া কেবল শুরু। এমন আরো সাফল্য এনে দিতে চান তারা।
এই বিশ্বকাপকে সামনে রেখে গত দুই বছর ধরে পরিকল্পনা ও পরিশ্রম করেছে আকবর আলীর দল। খুব পরিকল্পিত একটা পথ পাড়ি দিয়েছে তারা। সেই পরিশ্রম সম্পর্কে আকবর বলছিলেন, ‘এটা একটা স্বপ্নপূরণ হলো। গত দুই বছর ধরে আমরা যে পরিশ্রম করেছি, তারই ফসল পেয়েছি। আমাদের কোচিং স্টাফরা, আমি তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। তারা আমাদের যে অসাধারণ সমর্থন দিয়েছেন এবং মাঠে ও মাঠের বাইরে যেভাবে আমাদের পাশে থেকেছেন, সেটা বলে শেষ করা যাবে না।’
গতকালকের ফাইনালটা ছিল আকবরের অধিনায়কত্ব ও ঠান্ডা মাথার দারুণ এক প্রদর্শনী। অনেক সিনিয়র খেলোয়াড়ের মাথা ঘুরে যাওয়ার পরিস্থিতিতে শান্ত থেকে তুলে এনেছেন জয়। সেই সময়টা সম্পর্কে আকবর বলছিলেন, ‘আমি যখন উইকেটে গেলাম, তখন স্রেফ একটা জুটি দরকার ছিল আমাদের। আমি আমার সতীর্থ ব্যাটসম্যানকে বললাম, এখান থেকে আর উইকেট হারানোটা আমরা হজম করতে পারব না। আমাদের পরিকল্পনা খুব সরল ছিল।’
ভারতকে বোলাররা আগেই আটকে রেখেছিলেন। স্বাভাবিক অবস্থায় ব্যাটসম্যানদের কাজটা কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু আকবর বলছিলেন, ভারতকে কম রানে আটকে রাখার পরও যে কঠিন একটা লড়াই হবে, সেটা তারা জানতেন, ‘আমরা জানতাম, ভারত এত সহজে কাজটা করতে দেবে না। ওরা খুব চ্যালেঞ্জিং একটা দল। আর আমরা জানতাম, এই রান তাড়া করাও কঠিন হবে।’
নিজের ভূমিকা সম্পর্কে বারবারই বলতে হলো আকবরকে। তিনি বলছিলেন, তিনি সবকিছু সরল রাখতে চেয়েছিলেন, ‘আমি মানুষ হিসেবে সবকিছু খুব সরল করে রাখতে চাই। টুর্নামেন্টের প্রথম আর্ধে আমি উইকেটে যাওয়ারই খুব একটা সুযোগ চাইনি। ফলে এইবার চেয়েছিলাম, কিছু অবদান রাখতে।’
অবশ্য খেলাশেষে একটু বিরূপ পরিস্থিতি হয়েছিল। দুই দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। সে সম্পর্কে আকবর বলছিলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় খুব আবেগী হয়ে পড়েছিল। যেটা ঘটেছে, সেটা ঘটা উচিত হয়নি। আমি ভারতীয় খেলোয়াড়দেরও অভিনন্দন জানাতে চাই। তারা টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে।’
তবে আকবর শেষ পর্যন্ত প্রাপ্তিটাকেই বড়ো করে দেখতে চান। প্রাপ্তির কথা বলতে গিয়েই বলছিলেন, এটা নতুন একটা শুরু হোক, ‘আমি আমাদের কোচ, সহকারী কোচ, ট্রেনার, অ্যানালিস্ট, নির্বাচক; সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই মাঠে যারা আমাদের সমর্থন জানিয়েছেন, তারা ছিলেন আমাদের দ্বাদশ খেলোয়াড়। এটা আমাদের খুব কাজে লেগেছে। আমাদের দারুণ একটা অভিজ্ঞতা হলো। আশা করি, এটা সবে মাত্র শুরু।’
