ঘাটাইলে নিখোঁজের ৭৩ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

নিখোঁজের ৭৩ দিন পর শাকিল খান (১৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে মধুপুর থানার অরণখোলা পাহাড়ের শালবনের ভেতরে মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ঘাটাইল উপজেলার সংগ্রামপুর  ইউনিয়নের কামার চালা গ্রামে। তিনি সে গ্রামের রহিজ খানের ছেলে।

শাকিলের মোবাইলের সূত্র ধরে নলমা এবং পাড়াকুশারিয়া থেকে ৪ জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, নলমা গ্রামের মোতালেবের ছেলে জমির উদ্দিন (৩০), আঃ মজিদের ছেলে আমির আলী (৩০), পাড়াকুশারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) ও সিরাজ খানের ছেলে শফিক (২৫)।

এদের স্বীকারোক্তি মোতাবেক ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানার অরণখোলা শালবনের ভেতর থেকে শাকিলের হাড্ডিসার কংকাল মাটির নিচ থেকে উদ্ধার করে। পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে পিতা রহিজ খান শাকিলের লাশটি সনাক্ত করেন।

উল্লেখ্য, ১০ অক্টোবর বুধবার বিকেল ৪টার সময় অটোবাইক নিয়ে শাকিল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়ি না ফিরে নিখোঁজ হয়।

আরও পড়ুনঃ মির্জাপুরে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী গ্রেফতার, এলাকায় তীব্র আতংক

ঘাটাইল থানার ওসি (তদন্ত ) এনামুল হক চৌধুরী জানান, 'আটক ব্যক্তিদের তথ্যমতে শাকিলের লাশ উদ্ধার করা হয়। অটোবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে।'

ইত্তেফাক/নূহু