আতঙ্কিত এলাকাবাসী
কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে প্রবল জোয়ারে ভাঙনের সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় পাউবোর ১৩/১৪-১ পোল্ডারের ২ নম্বর কয়রা স্লুইজ গেটের পূর্ব পার্শ্বে এ ভাঙন দেখা দেয়। এরই মধ্যে বাঁধের ২০০ হাত ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে বেড়িবাঁধ ভেঙে যে কোনো সময় এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। কয়রা স্লুইজ গেটের পূর্ব পার্শ্বের স্থানীয় সমাজসেবক আব্দুল জলিল বলেন, আকস্মিক বেড়িবাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। পাউবো কর্তৃপক্ষ বাঁধ রক্ষায় কাজ না করলে যে কোনো মুহূর্তে ভেঙে এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় অধিবাসী। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কপোতাক্ষ নদের ২ নম্বর কয়রা স্লুইজ গেটের বেড়িবাঁধের ভাঙনরোধে প্রাথমিকভাবে কাজ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধে পাউবো কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। পাউবোর সাতক্ষীরার উপবিভাগীয় প্রকৌশলী মো. নাহিদুল ইসলাম ও আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন বলেন, ভাঙনের জায়গা দেখা হয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
