শেকৃবি সংবাদদাতা
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নিয়মিত সমাবর্তন হচ্ছে না। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সমাবর্তন হয়েছে মাত্র একবার। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হলেও শেকৃবিতে সমাবর্তনের কোনো আমেজ নেই। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ আর অভিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীরা জানান, শেষ দুই-তিন মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজেও সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অথচ রাজধানীতে অবস্থিত হয়েও এখানে নিয়মিত সমাবর্তন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু সদয় হলে নিয়মিত বিরতিতে সমাবর্তন সম্ভব। গায়ে কালো গাউন আর মাথায় কালো ক্যাপ দিয়ে আচার্যের কাছ থেকে সনদ নিতে চান তারা।
জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ১৬ নভেম্বর একমাত্র সমাবর্তন অনুষ্ঠিত হয়। তখন প্রতি শিক্ষাবর্ষে প্রথম হওয়া ২২ জনকে স্বর্ণপদক এবং স্নাতকে ২১১০ জন, স্নাতকোত্তরে ৫১২ জন এবং পিএইচডিতে তিন জনকে গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়।
এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদ থেকে ২০১৬ সালে গ্র্যাজুয়েশন শেষ করা এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পরে যদিও ২০১৫ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়ছিল, তারপর চারটি বছর পেরিয়ে গেছে, চারটি নতুন ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে। অনেকেই স্নাতকোত্তরও শেষ করেছেন। তবুও সমাবর্তন হচ্ছে না, অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই সমাবর্তন অনুষ্ঠিত হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘আমিও সমাবর্তন আয়োজন করতে চাই। আমার পরিকল্পনা আছে। পরিবেশ যদি ঠিক থাকে তাহলে সমাবর্তন হতে পারে।’
