প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশি যুব ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল। এই দলে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে সরকারিভাবে সংবর্ধনা দেওয়া হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে খেলোয়াড়দের উদ্দেশে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি সুবিধামতো দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
রবিবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক বিজয়ে আমাদের তরুণ টাইগারদের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের দুর্দান্ত পারফরমেন্সে ভারতের মতো বিশাল শক্তিকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের পথ ধরেই একদিন বাংলাদেশ বিশ্বকাপও আনবে—এটা আমরা প্রত্যাশা করি। এ দুর্দান্ত পারফরমেন্স আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আকবরের নেতৃত্বে দলকে যেভাবে বিজয়ের স্বর্ণদুয়ারে টেনে নিয়ে গেছে সেটা সত্যি একটা স্মরণীয় ঘটনা।
গ্রাম থেকে খেলোয়াড়দের তুলে আনতে তৃণমূল পর্যন্ত প্রশিক্ষণ জরুরি মন্তব্য করে তিনি বলেন, ‘এই যে বিশ্বকাপ বিজয়ের নায়ক ক্যাপ্টেন আকবর, তার বাড়ি কিন্তু পিছিয়ে পড়া কুড়িগ্রামে, এ দলে আবার পঞ্চগড়ের খেলোয়াড়ও রয়েছে। আমাদের বিকেএসপিতে তৃণমূলের যে প্রশিক্ষণ সেটা চমত্কার। এখানেই নতুন নতুন ক্রিকেটার সৃষ্টি হয়’।
