ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা

আনসার আল ইসলামের পাঁচ জঙ্গি গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮

রাজধানীর সবুজবাগ এলাকার বালুর মাঠ থেকে গত রবিবার বিকালে আনসার আল ইসলামের পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা রাজধানীর ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এই চক্রের পাঁচ সদস্য। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ব্যাগ ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন নিজাম উদ্দিন, রায়হান ভুঁইয়া, হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুর ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম। সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিজাম উদ্দিন চট্টগ্রামের একটি মাদ্রাসায় চাকরি করেন। রায়হান মালয়েশিয়ায় ছিল, কিছুদিন আগে দেশে আসেন। হানিফ চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। ইফতেখারুল ইসলাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিনের ওপর অনার্স মাস্টার্স আর মুসলিম উদ্দিন ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাদ্রাসায় চাকরি করেন। এরা সবাই আনসার আল ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে প্রশিক্ষণ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসেছিল বলে সিটিটিসির যুগ্ম কমিশনার জানান। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অতি সম্প্রতি গ্রেফতার হওয়া আনসার আল ইসলামের আরো তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিটিটিসি সূত্র জানায়, নাজমুল ওরফে উসমান গণি ওরফে আবু আইয়ুব আল আনসারী নামে কুয়েত প্রবাসী তাদেরকে ইসকন মন্দিরে হামলায় উদ্বুদ্ধ করে। নাজমুল এর আগে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় নির্মাতা খিজির হায়াত খানকে হত্যার পরিকল্পনা করে। সিটিটিসি সূত্র আরো জানায়, নাজমুল কুয়েতে থাকাকালীন টেলিগ্রামে ‘এসো কাফেলা বদ্ধ হই’ গ্রুপের মাধ্যমে এই হত্যা চেষ্টার পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৮ সালে ঐ সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। নাজমুল দেশে ফিরে পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য কাজ করছে বলে জানা যায়। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।