বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
পিরোজপুর: ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরোহী সাইফুল ইসলাম জেমী (৩৫) নিহত হয়েছেন। গতকাল পিরোজপুর-চরখালী-মঠবাড়িয়া সড়কের সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এদিকে নিহতের ঘটনার প্রতিবাদে শংকরপাশায় পিরোজপুর-মঠবড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
বোরহানউদ্দিন (ভোলা): বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন জামাল তালুকদারের বাড়ির সামনে গতকাল ট্রাক চাপায় আলাউদ্দিন (৪০) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের হরিনা কুড়ালিয়া গ্রামের।
ধামরাই (ঢাকা): ধামরাইয়ে উপজেলার মহিশাষী বাজারে গতকাল ইজিবাইক ও এসবি লিংকের বাসের সংঘর্ষে জহুরা (৩২) নামে এক নারী নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। জহুরা মহিশাষী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। চালককে আটক করা হয়েছে।
কালকিনি (মাদারীপুর): কালকিনিতে বিআরটিসি ও পণ্যবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক মো. করিম খান (৩৫) নিহত হয়েছেন। গতকাল কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহসড়কের কর্নপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের দক্ষিণ মাগুরা গ্রামের।
রাণীনগর (নওগাঁ): রাণীনগর-আবাদপুকুর সড়কের আল আমিন দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে রবিবার অটোরিকশার চাপায় পুতুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুতুল উপজেলার পূর্ববালুভরার দক্ষিণ রাজাপুর গ্রামের ওহিদুলের মেয়ে।
নান্দাইল (ময়মনসিংহ): বন্ধুর জানাজায় যাওয়ার পথে ট্রাক চাপায় হাফেজ সাইফুল্লাহ আল মাসুম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার ঝালুয়ায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হক ফকিরের পুত্র।
শিবচর (মাদারীপুর) : শিবচরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত্ খলিফা (২২) নামে এক আরোহী নিহত হয়েছেন। শাহাদত্ উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের হাচিলত খলিফার ছেলে। রবিবার মাদবরচর ইউপির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
