রাওয়ালপিন্ডি টেস্ট

ইনিংসে ব্যবধানে হারল মুমিনুলরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

চতুর্থ দিন সকালে ইনিংস হার এড়াতে মাঠে নেমেছিল মুমিনুল হকের দল। কিন্তু তাদের লড়াই দেড় ঘণ্টার বেশি টিকল না রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ দল হারল ইনিংস ও ৪৪ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে ২৩৩ রান করা সফরকারীরা দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৬৮ রানে। একমাত্র ইনিংসে পাকিস্তান করে ৪৪৫ রান। ব্যাটিংয়ে চতুর্থ দিন সকালে সবচেয়ে বেশি যার ওপর ভরসা ছিল, সেই মুমিনুল হকই সাজঘরে ফিরেছেন সবার আগে। ৪১ রান করে দিনের প্রথম ওভারেই ফিরে যান তিনি।

তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস আর বেশিক্ষণ টেকেনি। লিটন দাস করেন ৩৩ রান। এ নিয়ে দেশের বাইরে টানা পাঁচ টেস্ট ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দল।

২৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার নাসিম শাহ। টেস্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়া গতিময় এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।               ৫৮ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই সফরে পাকিস্তানের মাটিতে একটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ দল।