বছর ঘুরে আবারও ফিরে এসেছে ভালোবাসা দিবস। আপন মানুষদের জন্য ভালোবাসা কমে না কখনোই। তাদেরকে ‘ভালোবাসি’ বলে গিফট দেওয়া যায় যে কোনো সময়ই। তবু ভালোবাসা দিবসের যেন আলাদা একটা তাত্পর্য থাকে। কাছের মানুষকে ছোট্ট একটা উপহার দিয়ে যেন নতুন করে আবারও জানানো হয়—‘ভালোবাসি’। তবে ভালোবাসার এই দিনে ভালোবাসার কথা বলতে গেলে কিছু না কিছু উপহার তো দিতেই হয়। আর ঠিক এখানেই দ্বিধায় পড়ে যান অনেকে। ভাবেন—ওর কাছে তো সবই আছে, তাহলে নতুন করে আর কী দেবো? এই ভাবনা খুব একটা ভুল নয়। তবে যেহেতু বছরে একটা দিনই আসে ভালোবাসা দিবস হিসেবে তাই দিতে পারেন প্রিয়জনের পছন্দের কোনো জিনিস। সেটি খুব সামান্য হলেও সমস্যা নেই। ভালোবাসার পবিত্রতায় মাখানো থাকলেই হবে। চলুন জেনে নিই এমন কিছু উপহারের কথা—
লাল গোলাপ :লাল গোলাপকে সব সময়ই জানা হয় ভালোবাসার প্রতীক হিসেবে। তাই ভালোবাসার এইদিনে আপনি পিছিয়ে থাকবেন কেন? প্রিয় মানুষকে ভালোবাসা জানাতে উপহার দিতে পারেন একগুচ্ছ লাল গোলাপ।
চিঠি :পুরনো দিনের যে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি হারিয়ে গেছে তার মধ্যে অন্যতম হাতে লেখা চিঠি। প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে গিয়ে চিঠি আজ হারিয়েছে তার ছন্দ। এখন আর কেউ চিঠি লিখে মনের কথা ব্যক্ত করে না, ভালোবাসার প্রকাশ করে না। তাই ভালোবাসার কথা জানাতে প্রিয়জনকে নিজের মনের কথা জানিয়ে চিঠি পাঠাতে পারেন। অন্যান্য উপহারের চেয়ে এটি যে একদম ভিন্ন হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
চকলেট :প্রিয় মানুষ যদি চকলেট ভালোবাসে তাহলে তাকে দিতে পারেন তার পছন্দের চকলেট। এখন বেশ কিছু অনলাইন শপে এ দিবসকে উপলক্ষ করে চকলেট বক্স বিক্রি করা হয়। চাইলে সেখান থেকে ভালো লাগার চকলেটগুলো নিয়ে কম্বো সাজিয়ে নিতে পারেন।
ডায়েরি :আজকাল ডায়েরি লেখার চলও বলতে গেলে উঠে গেছে। প্রিয় সময়ের কথাগুলো আগে দিনশেষে লেখা হতো ডায়েরির পাতায়। এখন তেমন কিছু হয় না। চাইলে প্রিয় মানুষের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা ডায়েরির পাতায় লিখে উপহার হিসেবে দিতে পারেন।
বই :প্রিয়জন যদি বই পড়তে ভালোবাসে তাহলে তাকে দেওয়ার জন্য বইয়ের চেয়ে ভালো উপহার আর হয় না। তার প্রিয় লেখকের বই উপহার দিতে পারেন ভালোবাসার বিশেষ এই দিনে।
গিফট বক্স :গিফট বক্স ভালোবাসা প্রকাশের জন্য খুব সুন্দর একটি উপহার। একটি বক্সের ভেতর ছোট ছোট অনেকগুলো বক্স থাকে। যার প্রতিটি অংশে লেখা থাকে ভালোবাসার কথা অথবা সাঁটানো হয় ছবি। চাইলে এমন কিছুও আপনি উপহার দিতে পারেন প্রিয়জনকে।
শাড়ি :ভালোবাসার মানুষ মানে শুধু প্রেমিকাই হবে এমন কিন্তু নয়। তিনি হতে পারেন মা, বোন অথবা স্ত্রী। উপহার হিসেবে তাদের জন্য কিনতে পারেন শাড়ি। তাঁত, জামদানি, কাতান, সিল্ক যে কোনো শাড়িই থাকতে পারে এ তালিকায়। প্রিয় মানুষের পছন্দের রঙ জেনে নিয়ে উপহার হিসেবে শাড়ি দিয়ে চমকে দিতে পারেন সহজেই।
পারফিউম :পছন্দের ব্র্যান্ড জেনে নিয়ে প্রিয়জনকে উপহার হিসেবে পারফিউম দিতে পারেন। নারী-পুরুষ যে কারও জন্যই এই উপহার বেশ গ্রহণযোগ্য।
