চেম্বার আদালতের আদেশ খারিজ

শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট পেতে বাধা নেই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট পেতে আর কোনো বাধা নেই। গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতি এ রায় দিয়েছেন। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে নতুন পাসপোর্ট প্রদানসংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে গত ২৩ সেপ্টেম্বর চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল, তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আগামী সাত কার্যদিবসের মধ্যে শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট দিতে হবে। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

 প্রসংগত, পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন শিমুল বিশ্বাস। গত ২৪ জুন এই পাসপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন। গত ২৯ আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে পাসপোর্ট দিতে নির্দেশ দেয়। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান সেই আদেশ স্থগিত করেন। ফলে আপিল বিভাগে যান শিমুল বিশ্বাস।