আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘মিথ্যার ফেরিওয়ালা’ বলে আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বারবার অসুস্থ হওয়ার পরও আপনি মিথ্যার ফেরিওয়ালাই থেকে যাচ্ছেন। সৃষ্টিকর্তার কথা বিবেচনা করে কিছুটা হলেও সত্য কথা বলার চেষ্টা করুন।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবকে বলব, আপনি ভোট কারচুপির এমনই মেকানিজম করেছিলেন যে নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনার সুস্থতা কামনা করি। কিন্তু জালিয়াতির মেশিন ইভিএম দিয়ে ভোটারদের যেভাবে সর্ষে ফুল দেখিয়েছেন সেজন্য আপনাকে নিয়ে ভোটাররা কী ভাবছেন সেটি একটু ভেবে দেখুন।’
ভোট ডাকাতি সরকারের অভ্যাসে পরিণত হয়েছে এমন দাবি করে তিনি বলেন, সিটি নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি প্রতিটি মানুষের।
অর্থমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘কয়েক দিন আগে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, তিনি বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর এই কথা চিরকুটে লিখে রাখলাম। হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন। এই বক্তব্য অজ্ঞতাপ্রসূত নয়, রাজনৈতিক ধান্দাবাজপ্রসূত।’ অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই আবার বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। মূলত স্বস্বীকৃত ১ নম্বর অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। আসলে গণতন্ত্র ধ্বংসকারী মন্ত্রীদের মুখে এ ধরনের অবান্তর বক্তব্যই মানায়।
