দেশে প্রথমবারের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মোবাইল জার্নালিজমের ওপর পরিপূর্ণ বই ‘মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা’। সম্পূর্ণ বাংলায় বইটি লিখেছেন ড. আবদুল কাবিল খান।
একজন সাংবাদিক মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে হয়ে উঠতে পারেন মোবাইল সাংবাদিক, আর এ জন্য তার করণীয়ই বা কী- এমন খুঁটিনাটি বিষয় জানার এক ধরণের সহায়ক বই এটি। অমর একুশে বইমেলায় ‘সমগ্র প্রকাশনা’ থেকে বইটি প্রকাশ হয়েছে।
মোবাইল সাংবাদিকতা শেখার জন্য বইটিতে ব্যবহারিক বিষয়গুলির ওপর বেশি গুরত্ব দেয়া হয়েছে। সাংবাদিকতার কাজে কোন মোবাইল অ্যাপ বেশি কার্যকরী, এর বৈশিষ্ট্য ও ফিচার, ভিডিও রেকর্ডের কৌশল, লাইভ ভিডিও সম্প্রচার, ছবি তোলা ও সম্পাদনা এসবের পাশাপাশি মোবাইল সাংবাদিকতার জন্য দরকারি সরঞ্জামের পরিচিতি সবিস্তারে তুলে ধরা হয়েছে বইটিতে।
ড. আবদুল কাবিল খান বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত তিনি পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। ২০১৭ সালে তিনি দৈনিক প্রথম আলোর ডিজিটাল বিভাগে মোবাইল জার্নালিজম স্পেশালিষ্ট হিসেবে যোদ দেন।
‘মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা’ বইটি নিয়ে লেখক বলেছেন, সাংবাদিকতা পেশার কাজে মোবাইল ফোনের অপরিহার্য ব্যবহার, এ জন্য উপযুক্ত অ্যাপ এবং আনুষাঙ্গিক উপকরণের সংখ্যা বাড়াতে থাকায় মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতি-প্রকৃতি বদলে দিয়েছে। মোবাইল সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে- এই দু’য়ের সমন্বয়ে ‘মোবাইল জার্নালিজম: সময়ের সাংবাদিকতা’।
ইত্তেফাক/এসআর
