ইদলিবে সিরীয় বাহিনীর হামলা, ৫ তুর্কি সেনা নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর হামলায় তুরস্কের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইদলিবের পূর্বাঞ্চলে তাফতানজ বিমানবন্দরে তুরস্কের সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কামানের আঘাতে ১০ তুর্কি সেনা হতাহত হয়।

এদিকে হামলার পর তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, শত্রুদের  ১০০টি হামলা তারা প্রতিরোধ করেছে। 

হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভুসুগ্লু বলেছেন, ওই ভীরুদেরকে জবাব দেয়া হয়েছে। আমাদের চমৎকার সেনাবাহিনীর দল যা করার দরকার তাই করবে।

এছাড়া গত সপ্তাহেও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় সাত তুর্কি সেনা প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে সিরিয়ার ৫০ টি স্থানে হামলা চালিয়ে ৭৬ সিরীয় সেনা হত্যার দাবি করে আঙ্কারা।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইদলিবে বাশারবিরোধী বিদ্রোহীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে। ২০১৭ সাল থেকেই ইদলিবে বিদ্রোহীদের সহযোগিতার জন্য সেনা মোতায়েন রেখেছে তুরস্ক।

ইত্তেফাক/এআর