কুমিল্লায় ক্রিকেট মাঠে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৬

কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলার বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিব হাসান (১৬) নামে এক কিশোর খুন হয়েছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো তিনজন।

 

সোমবার বিকালে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাকিব দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাধানগর ও ধামতি গ্রামের খেলোয়ারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বিকাল পাঁচটার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শাকিবের বুকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় আহত হয় সোহাগ, আল-আমিন ও শরীফ মিয়াজী নামে আরো তিনজন। আহত শরীফ জানায়, ধামতি গ্রামের আরিফের সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে ক্রিকেট খেলার মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিবের উপর হামলা হয়।

 

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

 

ইত্তেফাক/এএম