তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়। ঢাকার অন্যতম ব্যস্ত একটি রাস্তা। নাবিস্কো মোড়ের পূর্বদিকে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়—সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও আহছানউলাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসিআই সেন্টার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও লালবাগ কেমিক্যালসহ শতাধিক কারখানা ও অফিস, পশ্চিমদিকে নাখালপাড়া সংলগ্ন এলাকায় ডাচ বাংলা ব্যাংক, টিভিএস মোটর, অগ্রণী ব্যাংক, আবাসিক এলাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিদিন এই রাস্তা পার হয় কয়েক হাজার মানুষ। কিন্তু মানুষ পারাপারের জন্য আশেপাশের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় আছে সামান্য একটা জেব্রা ক্রসিং। কিন্তু জেব্রা ক্রসিংয়ের দু পাশে নেই সিপড ব্রেকার, ফলে কোনো গাড়িই তাদের গতি কমায় না। ফুটওভারব্রিজ আছে একটা সাত রাস্তাতে, অন্যটা মহাখালি রেলগেটে, যা নাবিস্কো মোড় থেকে অনধিক তিন কিলোমিটার দূরে। ফলে ঝুঁকি নিয়েই সর্বদা পার হতে হয়। ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে এখানে। তাই আমাদের মতো শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং তেজগাঁওয়ের কারখানাগুলোর শ্রমিকদের জীবনের নিরাপত্তার জন্য একটি ফুটওভারব্রিজ এখানে স্থাপন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আল সানি, শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়,ঢাকা
০
