ক্লাব ফুটবলে রিয়ালের শ্রেষ্ঠত্ব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

আবারো ক্লাব ফুটবলের সেরার মুকুট পরলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি টানা তৃতীয়বারের মতো জিতলো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আল আইনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তারা। এই নিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে হারিয়ে চমক দেখালেও ফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াতেই পারেনি আল আইন। ১৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার অ্যাসিস্টে ম্যাচে প্রথমবারের মতো জালে বল জড়ান লুকা মডরিচ। ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন সার্জিও রামোস। ৮৬ মিনিটে জাপানি ডিফেন্ডার সুকাসা শিয়োতানির গোলে ব্যবধান কমায় আল আইন। যদিও, এটা যথেষ্ট ছিল না। বরং, শেষ মুহূর্তে তাদের নিজেদের জালেই বল জড়ালে ব্যবধান হয় ৪-১ গোলের। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে স্যান্তিয়াগো সোলারির শিষ্যরা।

গত ২০০৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এর আগে এই টুর্নামেন্টটি ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে পরিচিত ছিল। এই টুর্নামেন্টটি এর আগে দুটি ক্লাব টানা তিনবার জয়ের কৃতিত্ব দেখিয়েছে। কাকতালীয় ভাবে দু’টি ক্লাবই আর্জেন্টাইন। এস্তদিয়ান্তেস ১৯৬৮, ১৯৬৯ ও ১৯৭০ সালে এই টুর্নামেন্ট জয় করে। এরপরে আর্জেন্টিনার আরেক ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালে এই আসর জয় করে। এবার তাদের পাশে নাম লিখিয়ে নতুন ইতিহাস গড়লো এল গ্যালাকটিকো।