সেরা একাদশের অধিনায়কও আকবর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

আইসিসির দেওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশেও বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। অধিনায়ক হিসেবে দলে আছেন যথারীতি বাংলাদেশের ফাইনালের নায়ক আকবর আলী। আরো দুই বাংলাদেশি ডাক পেয়েছেন এই দলে। তারা হলেন —মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।

তবে, এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশের বোলিংয়ে সেরা দুই পারফরমারের। তারা হলেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেসার শরিফুল ইসলাম। তারা টুর্নামেন্টে যথাক্রমে ১২ ও ৯টি করে উইকেট পেয়েছেন।

টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ছয় ম্যাচে ব্যাট করতে নেমে জয়ের মোট রান ১৮৪। ৪৬ ব্যাটিং গড়ে ব্যাট করেছেন, কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। বিশ্বকাপে তার ঐ ১০০ রানই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

শাহাদাত বাংলাদেশের হয়ে ছয় ম্যাচে ১৩১ গড়ে রানও করেছেন ১৩১। পুরো বিশ্বকাপ জুড়ে শাহাদাতের থেকে কেবল বেশি গড় আছে ভারতের জশস্বী জসওয়ালের। ছয় ম্যাচ খেলেছেন, ব্যাট করেছেন চার ইনিংসে। এর মধ্যে তিনটিতেই তিনি ছিলেন অপরাজিত।

ব্যাট হাতে নামার তেমন সুযোগই হয়নি বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর। কেবল দুই ইনিংসেই ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। যেখানে ফাইনালে ভারতের বিপক্ষে অপরাজিত ৪৩ রানের ইনিংসসহ মোট রান ৬৯। তবে উইকেটের পেছনেও বেশ সফল ছিলে আকবর। টুর্নামেন্ট জুড়ে করেছেন মোট ছয়টি ডিসমিসাল। তবে, ফাইনালের ইনিংস ও পুরো টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি আছেন এই একাদশে।

রানার আপ দল ভারত থেকে আছেন তিন জন। তারা হলেন —টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪০০) ও ওপেনার জশস্বী জসওয়াল, সর্বোচ্চ উইকেটশিকারী (১৭) ও লেগ স্পিনার রবি বিষ্ণয় ও পেসার কার্তিক ত্যাগি। বিশ্বকাপের তৃতীয় স্থানে থাকা দল পাকিস্তানের কেউই অবশ্য এই একাদশে জায়গা পাননি। এর বাদে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দুই জন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কা থেকে আছেন একজন। আর দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন কানাডার আকিল কুমার।

পাঁচ সদস্যের এক নির্বাচক প্যানেল এই দল গঠন করেছেন। এদের মধ্যে আছেন ধারাভাষ্যকার হিসেবে টুর্নামেন্টে কাজ করা ইয়ান বিশপ, রোহান গাভাস্কার ও নাটালি গারমানোস। তাদের সঙ্গে যোগ দেন ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিনিধি শ্রেষ্ঠ শাহ ও আইসিসি প্রতিনিধি ম্যারি গুডবিয়ার।

বিশ্বকাপের

সেরা একাদশ

জশস্বী জসওয়াল (ভারত)

ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)

রবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা)

মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)

শাহাদাত হোসেন (বাংলাদেশ)

নিম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ)

আকবর আলী — অধিনায়ক, উইকেটরক্ষক-ব্যাটসম্যান (বাংলাদেশ)

সাইফুল্লাহ গাফারি (আফগানিস্তান)

রবি বিষ্ণয় (ভারত)

কার্তিক ত্যাগি (ভারত)

জেয়ডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)

আকিল কুমার—দ্বাদশ ব্যক্তি (কানাডা)