রৌমারীতে ট্রাক্টর চলাচল বেপরোয়া বিপর্যস্ত জনজীবন!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

আমির হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের রৌমারীর উপজেলা দাপিয়ে বেড়াচ্ছে শত শত বালু ভর্তি ট্রাক্টর (কাঁকড়া) ও ট্রলি। বিকট শব্দের সঙ্গে সঙ্গে বাতাসে ধুলাবালি উড়িয়ে চলছে এগুলো। অতিরিক্ত ধুলায় স্কুলগামী শিশু থেকে বয়ঃবৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এতে নষ্ট হচ্ছে এ অঞ্চলের স্বাভাবিক জীবন। ট্রাক্টরগুলো উপজেলার পশ্চিমে ব্রহ্মপুত্র নদের পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকার পুকুর ও বসতভিটা ভরাট করছে বলে জানা যায়। এতে একদিকে যেমন পানি নিষ্কাশনের বাধার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ট্রাক্টরের বিকট শব্দ ও ধুলাবালিতে সড়কের পাশের বসতবাড়ির লোকজন চরমভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

বাগুয়ারচর গ্রামের (অবসরপ্রাপ্ত) শিক্ষক আবু হোসেন বলেন, উপজেলায় প্রায় ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দ্রুতগতির ট্রাক্টরের ভয়ে শিক্ষার্থীরা সব সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে রাস্তা পারাপার হয়ে থাকে। ফুলুয়ারচর গ্রামের মো. সিরাজুল ইসলাম বলেন, ট্রাক্টরের বিকট শব্দে ও বালুতে রাস্তার পাশের পরিবেশ দূষিত হচ্ছে। যার ফলে বসতবাড়ির লোকজন শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থ ব্যক্তিরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। অতিমাত্রায় অবৈধগাড়ি চলাচলে সরকারের গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। এ নিয়ে একাধিকবার মিছিল-মিটিং ও মানববন্ধনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হলেও এর কোনো প্রতিফলন ঘটেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোমেনুল ইসলাম জানান, নাকমুখ দিয়ে ধুলাবালি প্রবেশ করে সর্দিকাশি, শ্বাসকষ্টেরমতো নানা রোগে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীসহ এলাকাবাসী। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, মাসিক সমন্বয় সভায় এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি চালানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।