সংযোগ সড়ক না থাকায় জনদুর্ভোগ চরমে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

গাইবান্ধার বাদশারঘাট সেতু

তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাদশারঘাট এলাকায় একটি সেতুর উভয় পাশে কোনো সংযোগ সড়ক নেই। ঠিকাদার সেতু নির্মাণে লোকসানের অজুহাত দেখিয়ে সংযোগ সড়ক নির্মাণ করেননি। গিদারি ইউনিয়ন পরিষদ থেকে সেতুর দুই পাশে মাটি দিয়ে একবার কিছুটা ভরাট করা হয়। কিন্তু বর্তমানে সংযোগস্থলের সেই মাটিও ধসে গেছে। ফলে এখন ঠেলে ঠেলে রিকশা-ভ্যান পারাপার করা হচ্ছে। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগও বেড়েছে মানুষের।

গাইবান্ধা সদর উপজেলার এলজিইডি প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দারিয়াপুর-কাউন্সিলের বাজার সড়কে গিদারি ইউনিয়নের বাদশারঘাট এলাকায় মানস নদীর ওপর ২০১৬ সালের অক্টোবর মাসে ১০০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদার ১৮ মাসের মধ্যে সেতুটি নির্মাণে ব্যর্থ হন। ফলে কার্যাদেশ দেওয়ার ৩২ মাস পর ২০১৯ সালের জুন মাসে নির্মাণকাজ শেষ হয়। কিন্তু সে সময় ঠিকাদার সেতু নির্মাণে লোকসানের অজুহাত দেখিয়ে সংযোগ সড়ক নির্মাণ করা থেকে বিরত থাকেন।

এ বিষয়ে ঠিকাদার গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সেতু নির্মাণে বরাদ্দপ্রাপ্ত টাকা শেষ হয়। তাই সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। 

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর দিয়ে রিকশা-ভ্যান পারাপারের দৃশ্য। সেতুর পশ্চিম পার্শ্বে কয়েক ব্যক্তি একটি রিকশা-ভ্যান ঠেলে ঠেলে সেতু পার করছেন। এছাড়া পায়ে হেঁটেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বামুনিপাড়া গ্রামের রিকশা-ভ্যানচালক রজব আলী নিজের ভাষায় বলেন, ভালো করি ফটোক (ফটো) তোলেন। পেপারোত দ্যান। সোরকার জানি তাড়াতাড়ি আসতাটা (রাস্তা) ভালো করি দ্যায়।

গিদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, গিদারি ইউনিয়নের দক্ষিণ গিদারি, উত্তর গিদারি, বামুনিপাড়া, কালির বাজার, রেজিয়ার বাজার, গোডাউন বাজার, কামারজানি, পার্শ্ববর্তী ঘাঘোয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় জনগণের ভোগান্তি বেড়েছে। তবে সে সময় গিদারি ইউনিয়ন পরিষদ থেকে সেতুর দুই পাশে মাটি দিয়ে কিছুটা ভরাট করা হয়। কিন্তু বর্তমানে সংযোগস্থলের সেই মাটি ধসে গেছে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সদর উপজেলার এলজিইডি প্রকৌশল বিভাগকে সংযোগ সড়ক নির্মাণে বার বার তাগাদা দেওয়া হচ্ছে।  উত্তর গিদারি গ্রামের কৃষক আবদুল আজিজ বলেন, সেতু হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি কাজে লাগছে না।

কামারজানি গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, সংযোগ সড়ক না থাকায় ১৫ কিলোমিটার ঘুরে দারিয়াপুর হয়ে জেলা শহরে যেতে হচ্ছে।

দারিয়াপুর গ্রামের স্কুল শিক্ষক আমিনুল ইসলাম বলেন, স্কুলের শিশু ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে। অভিভাবকদেরকে ছেলেমেয়েদের সেতু এলাকা পারাপার করে দিয়ে আসতে হচ্ছে।

গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করে ঠিকাদার চুক্তি ভঙ্গ করেছেন। এ কারণে তার জরিমানা করা হয়েছে। উভয় পাশে ৫০০ মিটারের স্থলে এক কিলোমিটার করে সংযোগ সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগিগর প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাদশারঘাট এলাকায় একটি সেতুর উভয় পাশে কোনো সংযোগ সড়ক নেই। ফলে এখন ঠেলে ঠেলে রিক্সা-ভ্যান পারাপার করা হচ্ছে। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগও বেড়েছে মানুষের।