নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলীতে ‘জিনের বাদশা’ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। সোহেল হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই যুবককে সোমবার রাত সাড়ে ১১টায় পূর্বগ্রাম নুরুদ্দিন খানের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। সোহেল হোসেন কিশোরগঞ্জ বত্রিশ এলাকার এবং সাইফুল ইসলাম কিশোরগঞ্জ আলোর মেলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সাইফুল ও সোলেন মিয়া তক্ষককে ব্যবহার করে ও নিজেদেরকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তারা প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগে স্থানীয় নুর নাহার বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ছিদ্দিকী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুই প্রতারককে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
