ট্রেনে কাটা পড়ে সাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকায় ঢাকাগামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে জিয়ার উদ্দিন নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার কাটলা-জোতবানি গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে বড়চড়া বিজিবি চেকপোস্টের কাছাকাছি আসে। এসময় জিয়ার উদ্দিন বাইসাইকেল নিয়ে রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় নিচে পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়।

হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।