স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ের পর স্প্যানিশ লিগের শীর্ষস্থানে থেকেই বছর শেষ করলো বার্সা। এতে সন্তুষ্টি প্রকাশ করলেও দলের কোচ আর্নেস্তো ভালভার্দের বিশ্বাস- আরও উন্নতি সম্ভব তার দলের।
এর আগে অ্যান্টোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে এস্পানিওলের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার পাশে এসে দাঁড়িয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টার বিপক্ষে জয় নিয়ে আবারো তিন পয়েন্টের ব্যবধান ফিরে পেয়েছে কাতালান দলটি।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু থেকেই সেল্টাকে চেপে ধরা বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। জর্দি আলবার বাড়ানো বল ফাঁকায় পেয়ে জোড়ালো শট নেন অধিনায়ক লিওনেল মেসি। সেল্টা গোলরক্ষক রুবেন ব্ল্যাঙ্কো এ যাত্রায় দলকে বাঁচালেও উসমান দেম্বেলের ফিরতি শটটি আটকাতে ব্যর্থ হন। এক গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা।
বিরতির ঠিক আগে আলবার একটি রক্ষণচেরা পাসে বল পায়ে গোলরক্ষককে একা পেয়ে যান মেসি। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলের নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
ম্যাচ শেষে প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেন ভালভার্দে। বার্সা কোচ বলেন, ‘লক্ষ্যটা ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বছর শেষ করা, এই রাউন্ডের ম্যাচগুলো শুরু হওয়ার আগেও আমরা একই ব্যবধানে এগিয়ে ছিলাম, তাই আমরা খুশি।’
অবশ্য সংবাদ সম্মেলনে ভালভার্দে মেনে নেন, সেল্টা ভিগোর বিপক্ষে খেলাটির দ্বিতীয়ার্ধে সেরা ছন্দে ছিল না দল। বল দখলে এগিয়ে থাকা অতিথিরা বেশ কয়েকবারই ম্যাচে ফেরার সুযোগ পায়। তবে প্রথমার্ধে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বার্সা কোচের ভাষায়,‘প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সুযোগ তৈরি করা আমাকে সবচেয়ে সন্তুষ্ট করেছে।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি কোনো গোল হজম না করেন, তা হচ্ছে জয়ের সবচেয়ে সহজ রাস্তা। কিন্তু আমাদের লক্ষ্য এটা না। আমাদের লক্ষ্য প্রতিপক্ষের গোলমুখে বিপদ তৈরি করা।’
মৌসুমের শুরুতে নিষ্প্রভ থাকা এবং অনিয়মানুবর্তিতা নিয়ে বেশ সমালোচিত দেম্বেলে বেশ কিছুদিন ধরেই আছেন বেশ ছন্দে। এই ম্যাচেও উদ্বোধনী গোলটি করা ফরাসি ফরোয়ার্ড সম্পর্কে ভালভার্দে বলেন, ‘সে এমন একজন খেলোয়াড় যে গোল করে, দারুণ খেলা উপহার দেয় এবং কঠোর পরিশ্রম করে। আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমরা আশা করি, সে ভালো সিদ্ধান্ত নেয়া অব্যাহত রাখবে।’
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটকে ভালভার্দে এটাও জানান যে, খেলোয়াড়রা বড়দিন উপলক্ষে এক সপ্তাহের ছুটি পাবেন। ৩০ ডিসেম্বর পুণরায় অনুশীলনে নামবে তার দল। এরপর ৬ জানুয়ারি গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সা।
