মান্দায় সন্ধ্যায় গ্রেফতারের পর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার ভারশো এলাকায় এ ঘটনা ঘটে। তিনি দেলুয়াবাড়ীর বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন জানান, গত সোমবার সন্ধ্যায় মান্দার দেলুয়াবাড়ী এলাকা থেকে মাদকসহ আওরঙ্গজেবকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ জেবুকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধার অভিযানে যায় ভারশো এলাকায়। সেখানে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পালটা গুলি চালায় পুলিশও। এ সময় তিন পুলিশ সদস্য ও আওরঙ্গজেব গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আওরঙ্গজেবকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, জেবুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
