দুই সন্তানকে দাঁড়িয়ে রেখে প্রবাসীর স্ত্রীর মধুমতী নদীতে ঝাঁপ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়াসংলগ্ন মধুমতী নদীর ওপরের সেতু থেকে এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে দাঁড়িয়ে রেখে মধুমতী নদীতে ঝাঁপ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তত্ক্ষণাত্ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তত্পরতা শুরু করেছে। রাত ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত ঐ নারীকে খুঁজে পাওয়া যাইনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় চিংগুড়ি গ্রামের ইউসুফ মুন্সি জানান, লোকজন কিছু বুঝে ওঠার আগে ঐ নারী ব্রিজের ওপর থেকে নদীতে লাফিয়ে পড়েন। তার সঙ্গে থাকা দুটি বাচ্চা এ সময় চিত্কার শুরু করলে লোকজন ছুটে আসে। খবর পেয়ে তত্ক্ষণাত্ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তত্পরতা শুরু করে। নিখোঁজ নারী কোটালিপাড়া উপজেলার সোনারগাতী গ্রামের প্রবাসী অলিউর জামানের স্ত্রী আফরোজা বেগম (২০)।

আফরোজার ভাই মোহাম্মদ উল্লা জানান, তার বোনের সঙ্গে ভগ্নিপতির বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। তাকে ঠিকমতো ভরণপোষণ না দেওয়ার কারণে তার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও এখনো ঐ নারীকে খুঁজে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।