বন্ড কমিশনারেটের অভিযানে ফুটেজ নেওয়ার সময় দুই সাংবাদিক হামলার শিকার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩২

পুরান ঢাকার নয়াবাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ নেওয়ার সময় দুই সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন—নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। দুর্বৃত্তরা নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনিয়ে নিয়েছে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা ঘটে।

বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করছে নয়াবাজারের কয়েকটি প্রতিষ্ঠান। এ অভিযোগে গতকাল সকাল থেকে ঐসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায় বন্ড কমিশনারেট। অভিযানের সংবাদ সংগ্রহ করছিল সংবাদ কর্মীরা। নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শেখ জালাল ফুটেজ সংগ্রহ করছিলেন। রিপোর্টার ফখরুল ইসলাম তার পাশেই ছিলেন তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনিয়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা জানান, অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। অভিযানের সময় ব্যবসায়ীরা বিক্ষোভ করে। তারা স্ল্লোগান দেয়, ‘অবৈধ অভিযান মানি না, মানব না। অভিযানের ফুটেজ নেওয়ার সময় অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। আমাদের রিপোর্টার ও ক্যামেরাপারসন হাতে ও মুখে আঘাত পেয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটু দূরে ড্রেন থেকে ক্যামেরা উদ্ধার করেছে। ব্যাকপ্যাকটি এখনো পাওয়া যায়নি।

বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে থানায় মামলা করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।