ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিনে দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। চার আসামি হলেন—আলাউদ্দিন সরদার, মাসুদ, রাসেল হাওলাদার ও জহিরুল ইসলাম অপু। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি জহিরুলের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে শুনানির একটি দিন ধার্যের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জহিরুলের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দেন। গত ৯ ফেব্রুয়ারি আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় ইসমাইল হোসেন নামে এক আসামি কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের কয়েকটি নির্বাচনি কেন্দ্রের সংবাদ সংগ্রহ করছিলেন আগামী নিউজের সাংবাদিক সুমন। সে সময় ৩৪ নম্বর ওয়ার্ড রায়েরবাজারে জাফরাবাদ সাদেকখান রোড এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের অনুসারীরা সশস্ত্র অবস্থায় একটি বড়ো মিছিল নিয়ে জাফরাবাদের দিকে যাচ্ছিল। ভিকটিম মিছিলের দৃশ্যের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিও ধারণের সময় মিছিল থেকে ১২/১৫ জন সন্ত্রাসী ক্যাডার সুমনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও হকিস্টিক দিয়ে মারধর করতে থাকে। সে সময় কয়েক জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি সুমন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। এখন সাংবাদিক সুমন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
