গাইবান্ধার পলাশবাড়ীতে হানিফ পরিবহনের একটি বাস ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে বাজার করতে আসা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকা অভিরামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেওয়া (মা) (৭৫) এবং তার মেয়ে শেফালী বেগম (৪৫)। এদের মধ্যে মা রাহেলা রাত সোয়া ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৩৮০৪) ও বিপরীত দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকের (সিলেট-ট ১১-০৪৭৫) সংঘর্ষ ঘটে। এসময় দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে অবস্থিত দোকানগুলোর ওপর উল্টে পড়ে। এতে একটি দোকানে পণ্য কিনতে আসা ওই মা ও মেয়ে নিহত হন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চারটি দোকান।
আরও পড়ুন: হাটের দিন তাই বিদ্যালয় ছুটি
স্থানীয়রা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনকে ভর্তি করেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানা পুলিশ এস.আই শাহিন জানিয়েছেন, উভয় পরিবহনের চালক পালিয়ে গেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এসি
