এবার বন্ড ছেড়ে বিদ্যুত্ উত্পাদনের অর্থ সংগ্রহ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:১২

বিদ্যুত্ উত্পাদন বাড়াতে ৬০০ কোটির টাকার বন্ড ছাড়বে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল)। এর মধ্যে ৫০০ কোটি টাকা বেসরকারি খাত এবং ১০০ কোটি টাকা সরকারি খাত থেকে সংগ্রহ করা হবে। বন্ড থেকে থেকে আসা টাকা নতুন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এ পদক্ষেপের ফলে বন্ডের মাধ্যমে বিদ্যুত্ প্রকল্পের অর্থায়নের নতুন উত্সও প্রথমবারের মতো সংযোজিত হলো।

গতকাল রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বন্ড ইস্যুর বিষয়ে চুক্তি সই হয়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল) এ বন্ড চুক্তি করে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন ও আইসিবি’র সাথে।

বিদ্যুত্ বিভাগ জানায়, বিদ্যুেকন্দ্র স্থাপনে এখন পর্যন্ত সরকারি অর্থায়নের পাশাপাশি ইসিএ, সাপ্লাইয়ার্স ক্রেডিট, বিডার ক্রেডিট, জিটুজি, জয়েন্ট ভেঞ্চার, আইপিপির মাধ্যমে অর্থায়ন হয়েছে। বন্ড ইস্যুর মাধ্যমে আরো একটি বিকল্প উত্স হতে অর্থায়ন শুরু হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জ্বালানি হলো কাজ করার পুঁজি। এটা নানাভাবে বৃদ্ধি করা যায়। এই বৃদ্ধির কাজটি বিদ্যুত্ করে। পুঁজি মানুষের হতে দিয়ে দিলে তারাই নির্ধারণ করবে কোথায় কাজ করলে সাফল্য আসবে। তাই বিদ্যুতের প্রসার বেগবান রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বন্ডের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে সম্পর্ক গভীর হবে এবং অন্যান্য ক্ষেত্রে অর্থায়ন সহজতর হবে। আসন্ন গ্যাস বিতরণ নীতিমালায় গ্যাসের প্রাপ্যতা নিয়ে বিনিয়োগকারীদের আশাব্যঞ্জক করে তুলবে। 

বিশেষ অতিথি বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুত্ খাতে বিকল্প উত্স হতে অর্থায়নের লক্ষ্যে বন্ড ইস্যু করা হচ্ছে। বিদ্যুত্ ও জ্বালানি খাত দিনে দিনে বড় হচ্ছে। বিদেশেও শেয়ার আপলোড করা যেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে কাজ করলে এ কাজ সহজ হবে। উন্নয়নের চলমান গতি অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিদ্যুত্ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস ‘বিদ্যুত্ খাতে বিনিয়োগ: অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক একটি উপস্থাপনায় বিদ্যুত্ উত্পাদন, অর্থায়ন ও ভবিষ্যত্  বিনিয়োগ এবং বার্ষিক কত বিনিয়োগ লাগবে তা উল্লেখ করেন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এম সাজ্জাদুর রহমান।