মো. মুজাহিদুল ইসলাম
‘রক্তঝরা ৮ ফাগুন অহঙ্কারের দীপ্ত আগুন’—শিরোনামে গত ১০ ফেব্রুয়ারি নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ২ দিনব্যাপী বর্ণাঢ্য আবৃত্তি উত্সব।
সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম-এর আয়োজনে এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে উত্সব শুরু হয় জোটভুক্ত দলগুলোর শিল্পীদের সমবেত ‘বঙ্গভূমি মাতৃভূমি’ বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে। এরপর আকাশে রঙিন বেলুন উড়িয়ে উত্সব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি সাইফ চৌধুরী ও ফারুক তাহের।
আবৃত্তিশিল্পী রণধীর দে, মৌসুমী চক্রবর্ত্তী, জেবুন নাহার শারমিন ও ঐশী পালের উপস্থ্পনায় এরপর উত্সবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, স্বপ্নযাত্রী ও বৈখরী আবৃত্তি আলয়। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন দেবলীনা চৌধুরী ও তাহসিন ইশরাক তানহা, মিথিলা মারমা ও হিমেল মিত্র এবং স্নিগ্ধা শিকদার ও ফরহাদ হাসান। একক আবৃত্তি করেন মিলি চৌধুরী, আসাদ উজ্জ্বল, বনকুসুম বড়ুয়া নুপুর, সাহেদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী,শরীফুন নেছা, ইমতিয়াজ আহমেদ, সারওয়ার আলম ও টুটুল দেবনাথ। কবি আলী প্রয়াসের সঞ্চালনায় উত্সবে কবিতা ও ছড়াপাঠ করেন মুহিত উল আলম, স্বপন দত্ত, মহিবুল আজিজ, আফম মোদাচ্ছের আলী ও অরুন শীল। উত্সবের দ্বিতীয় ও সমাপনী দিনে ছিল শোভাযাত্রা, আবৃত্তিশিল্পী রণজিত্ রক্ষিত স্মৃতিসভা, একক ও বৃন্দ আবৃত্তি এবং কবিতাপাঠ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
