মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গান ও অভিনয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মাতালেন দেশের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস। আখাউড়ার ইতিহাস, ঐতিহ্য ও গল্প ফুটে ওঠে তার গানে গানে। সুরের মূর্ছনায় তিনি তিতাস পাড়ের আখাউড়াবাসীর মন ভরালেন।
গত ৩১ জানুয়ারি রাতে আখাউড়া পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বরসতী পূজা উপলক্ষে স্থানীয় যুবকদের সংগঠন অরুন সংঘ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংঘের সভাপতি ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিত্ পালের উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস। এতে আরো গান পরিবেশন করেন অভিজিত্ রায়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী, থানার পরিদর্শক (তদন্ত) আরীফুল আমীন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক প্রমুখ। অনুষ্ঠান চলাকালে দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশেপাশের এলাকা কানায় কানায় ভরে ওঠে।
